শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬ - ০২:০৩
পবিত্র কোরআন হৃদয় ও আত্মার রোগের নিরাময়কারী: উস্তাদ আনসারিয়ান

ইরানের বিশিষ্ট আলেম উস্তাদ হোসেইন আনসারিয়ান বলেছেন, আল্লাহর আয়াত তিলাওয়াতের পাশাপাশি তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করা মানুষের অন্তরের রোগ ও নৈতিক ব্যাধি নিরাময়ের উপায়। পবিত্র কোরআন মানুষের অভ্যন্তরীণ রোগের নিরাময়কারী। এর শিক্ষার ওপর আমল করলে মানুষের হৃদয় ঈমান, আল্লাহর ইবাদত ও উত্তম চরিত্রের উৎসে পরিণত হয়।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের হোসেইনিয়া হেদায়াতে হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বক্তব্য দেন উস্তাদ হোসেইন আনসারিয়ান। পবিত্র কোরআন ও আহলে বাইতের (আ.) বর্ণনায় মানুষের হৃদয়ের অবস্থান তুলে ধরে তিনি বলেন, মানুষের ঈমান, আচরণ ও সিদ্ধান্তের মূল উৎস হলো তার হৃদয়। তাই হৃদয়ের সুস্থতা রক্ষা এবং নৈতিক কলুষতা থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, পবিত্র কোরআনে ‘সুস্থ হৃদয়’ (قلب سلیم) ও ‘রোগাক্রান্ত হৃদয়’ (قلب مریض)—এই দুই ধরনের হৃদয়ের কথা উল্লেখ করা হয়েছে। সুস্থ হৃদয় হলো এমন হৃদয়, যেখানে আল্লাহ, কিয়ামত, নবী-রাসুল ও আল্লাহর নিদর্শনগুলোর প্রতি বিশ্বাস স্থান লাভ করে। এ ধরনের বিশ্বাস অর্জন কঠিন নয়। কারণ, আল্লাহকে চেনার সবচেয়ে নিকটবর্তী নিদর্শন হলো মানুষের নিজের অস্তিত্ব ও তার সৃষ্টির বিস্ময়কর বৈশিষ্ট্য।

মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ মাটি থেকে সৃষ্ট উপাদান দিয়ে গঠিত উল্লেখ করে উস্তাদ আনসারিয়ান বলেন, মানুষের চোখ, কান, হাত, পা, চুল, নখ, পরিপাকতন্ত্র ও রক্ত—সবই মাটি থেকে উদ্ভূত উপাদানে গঠিত। সৃষ্টির এই বিস্ময়কর কাঠামো কোনো স্রষ্টা ও প্রজ্ঞাময় পরিচালনা ছাড়া অস্তিত্ব লাভ করতে পারে না। মানুষ যদি স্বীকার করে যে সে নিজেই নিজের স্রষ্টা নয় এবং অন্য কোনো সৃষ্টিও তাকে সৃষ্টি করতে পারে না, তাহলে তাকে অবশ্যই সৃষ্টিজগতের স্রষ্টার প্রতি মনোযোগী হতে হবে।

আল্লাহকে চোখে দেখা যায় না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কিছু চোখে দেখা যায় না বলেই যে তার অস্তিত্ব নেই, এমন নয়। আমাদের চারপাশের অনেক বাস্তবতা রয়েছে, যা চোখে দেখা যায় না। উদাহরণ হিসেবে বিদ্যুতের কথা বলা যায়। তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে দেখা যায় না, কিন্তু বৈদ্যুতিক বাতি জ্বলার মাধ্যমে তার প্রভাব স্পষ্ট হয়। একইভাবে মৃত্যুর সময় মানুষের আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অথচ কেউ তা চোখে দেখতে পায় না। সুতরাং অস্তিত্বশীল সবকিছু ও বাস্তবতাকে দৃশ্যমান বস্তুর মধ্যে সীমাবদ্ধ করা যায় না।

তিনি আরও বলেন, আল্লাহ সমগ্র সৃষ্টিজগতের স্রষ্টা এবং তাঁর মতো কিছুই নেই। তাই আল্লাহকে দেখার ক্ষেত্রে সৃষ্টিজগতের বৈশিষ্ট্য—যেমন আয়তন, রং ও আকৃতিকে—মানদণ্ড হিসেবে বিবেচনা করা যায় না।

উস্তাদ আনসারিয়ান বলেন, সুস্থ হৃদয় মানুষের অস্তিত্ব ও বিশ্বজগতে ছড়িয়ে থাকা আল্লাহর নিদর্শনের মাধ্যমে সত্যকে উপলব্ধি করে। কিয়ামতের প্রতি বিশ্বাসও সুস্থ হৃদয়ের অন্যতম বৈশিষ্ট্য। কারণ, পরকাল ও আমলের হিসাব-নিকাশ না থাকলে ইতিহাসের জালিম ও অত্যাচারীরা বিজয়ী এবং নবী-রাসুল ও নেককার বান্দারা পরাজিত বলে বিবেচিত হতেন। অথচ আল্লাহর ন্যায়বিচারের দাবি হলো, মানুষের কোনো কাজই যেন প্রতিদান ও জবাবদিহির বাইরে না থাকে।

ইমাম সাদিক (আ.) থেকে বর্ণিত এবং ‘উসুলে কাফি’ গ্রন্থে সংকলিত একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মানুষের হৃদয় তার অঙ্গ-প্রত্যঙ্গের মূল ভান্ডার ও উৎস। চোখ, কান, জিহ্বা, পেট ও পা—সবকিছুই হৃদয়ে বিদ্যমান বিষয়বস্তু থেকে প্রভাব গ্রহণ করে। যে ব্যক্তি সুদ, ব্যভিচার ও অন্যান্য পাপে লিপ্ত হয়, সে প্রকৃতপক্ষে নিজের হৃদয়ের পুঁজি ব্যয় করে। অন্যদিকে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত ও আনুগত্য করে, সেও সেই একই পুঁজি কাজে লাগায়। সুতরাং মানুষের আচরণ সংশোধনের সূচনা হতে হবে হৃদয় সংশোধনের মাধ্যমে।

হৃদয়ের সুস্থতা কিংবা কলুষতা মানুষের আচরণের মধ্যেই প্রকাশ পায় উল্লেখ করে তিনি বলেন, পবিত্র হৃদয় মানুষকে শয়তানি প্ররোচনা ও পাপাচারের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধী করে তোলে। অন্যদিকে, কলুষিত হৃদয় মানুষকে বিভিন্ন পাপ, এমনকি অপরাধ ও হত্যাকাণ্ডের দিকেও ঠেলে দিতে পারে।

হৃদয়ের রোগ নিরাময়ের প্রথম ওষুধ পবিত্র কোরআন
পবিত্র কোরআনে বর্ণিত রোগাক্রান্ত হৃদয়ের ধারণা তুলে ধরে উস্তাদ আনসারিয়ান বলেন, রোগাক্রান্ত হৃদয় হলো এমন হৃদয়, যেখানে সত্যের পরিবর্তে অসত্য স্থান করে নিয়েছে। এই কলুষতা মানুষের আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। তবে যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে এবং অন্তরের রোগ থেকে মুক্তি পেতে চায়, সে ধর্মীয় শিক্ষায় বর্ণিত উপায়গুলোর মাধ্যমে নিজের হৃদয়ের চিকিৎসা করতে পারে।

তিনি হৃদয়ের রোগ নিরাময়ের প্রথম ওষুধ হিসেবে পবিত্র কোরআন তিলাওয়াতের পাশাপাশি এর আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, কোরআন কেবল বাহ্যিকভাবে পাঠ করার কোনো গ্রন্থ নয়; বরং এর আয়াতগুলো গভীর উপলব্ধি ও চিন্তা-ভাবনার সঙ্গে পাঠ করতে হবে। সুরা ইউনুসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ পবিত্র কোরআনকে মানুষের জন্য উপদেশ, অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও মুমিনদের জন্য রহমত হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।

ইসলামের প্রাথমিক যুগের সমাজে কোরআনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কোরআনের শিক্ষার মাধ্যমে জাহেলিয়াত ও মূর্তিপূজার পরিবেশে বেড়ে ওঠা মানুষকে ঈমান ও আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানিয়েছিলেন। তাঁদের অনেকেই পরবর্তী সময়ে মুমিন ও ইসলামের পথে আত্মত্যাগী মানুষে পরিণত হন। এটি মানুষের অন্তরের রোগ ও নৈতিক ব্যাধি নিরাময়ে কোরআনের কার্যকারিতারই একটি দৃষ্টান্ত।

কোরআনে ‘শিফা’ বা নিরাময় শব্দের ব্যবহার প্রসঙ্গে তিনি সুরা নাহলে মধু সম্পর্কে বর্ণিত আয়াতের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আল্লাহ মধুর মধ্যে মানুষের জন্য নিরাময়ের গুণ রেখেছেন বলে জানিয়েছেন। একইভাবে অন্য একটি আয়াতে হযরত ইবরাহিম (আ.) আল্লাহকে আরোগ্যদাতা হিসেবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনও মানুষের অভ্যন্তরীণ রোগের নিরাময়কারী।

ইমাম বাকির (আ.)-এর হাদিসে কোরআন পাঠকদের তিন শ্রেণি
বক্তব্যের অন্য অংশে ‘উসুলে কাফি’ গ্রন্থে সংকলিত ইমাম বাকির (আ.)-এর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে উস্তাদ আনসারিয়ান কোরআন পাঠকদের তিন শ্রেণিতে বিভক্ত করেন।

তিনি বলেন, প্রথম শ্রেণির মানুষ হলো তারা, যারা কোরআনকে অর্থ উপার্জন, শাসকদের দৃষ্টি আকর্ষণ এবং মানুষের সামনে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার মাধ্যম হিসেবে ব্যবহার করে। তারা কোরআনের হেদায়েত গ্রহণের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য একে কাজে লাগায়।

দ্বিতীয় শ্রেণির মানুষ হলো তারা, যারা কোরআনের অক্ষর ও শব্দ মুখস্থ করে, কিন্তু এর বিধিবিধান মেনে চলে না। তারা কোরআন পাঠ করে, অথচ এর ফরজ বিধানগুলো পালন করে না এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকেও বিরত থাকে না। ফলে তারা কোরআনের প্রকৃত তাৎপর্য ও হেদায়েতের সুফল থেকে বঞ্চিত হয়।

তৃতীয় শ্রেণির কোরআন পাঠক হলো তারা, যারা কোরআনকে নিজেদের হৃদয়ে ধারণ করে এবং এর আয়াতের শিক্ষাগুলো নিজেদের আচরণ ও জীবনে বাস্তবায়ন করে। তারা যখন কোরআনে ক্রোধ সংবরণ, অন্যের ভুল ক্ষমা করা ও সৎকর্মের নির্দেশনা পায়, তখন সেগুলো নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করে।

ক্ষমা ও নেককর্ম সুস্থ হৃদয়ের নিদর্শন

ক্রোধ নিয়ন্ত্রণ ও অন্যকে ক্ষমা করার বিষয়ে পবিত্র কোরআনের আয়াতগুলোর প্রতি ইঙ্গিত করে উস্তাদ আনসারিয়ান বলেন, আল্লাহ পবিত্র কোরআনে মুমিনদের নির্দেশ দিয়েছেন, অন্যের ভুলত্রুটির কারণে ক্রুদ্ধ না হয়ে নিজেদের ক্রোধ সংবরণ করতে, তাদের ক্ষমা করতে এবং সম্ভব হলে তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে।

তিনি বলেন, প্রকৃত ক্ষমা কেবল মুখে ‘তোমাকে ক্ষমা করে দিলাম’ বলার নাম নয়। বরং মানুষকে নিজের হৃদয় থেকেও অন্যের ভুল ক্ষমা করতে হবে এবং সামর্থ্য থাকলে তাদের সমস্যা ও অভাব দূর করতে উদ্যোগী হতে হবে। কোরআনের ভাষায় এটিই হলো ‘ইহসান’ বা নেককর্ম।

পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের মান-অভিমান ও সম্পর্কচ্ছেদের সমালোচনা করে তিনি বলেন, অনেক সময় ভাই-বোন কিংবা অন্যান্য আত্মীয়স্বজন বছরের পর বছর একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ রাখেন। অথচ এ ধরনের আচরণ ক্ষমা, উদারতা ও মানবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে কোরআনের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তব্যের শেষে উস্তাদ আনসারিয়ান বলেন, মানুষের বিশ্বাস ও আচরণের মূল উৎস হলো তার হৃদয়। এই হৃদয় যদি কোরআন ও আল্লাহর শিক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করা যায়, তাহলে তার ইতিবাচক প্রভাব মানুষের নৈতিকতা, ইবাদত, পারিবারিক সম্পর্ক ও সামাজিক আচরণে প্রকাশ পাবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha